ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০০৩ সালে কুঁড়া খালের ওপর ৬ লক্ষাধিক টাকায় নির্মিত সেতুটিতে সংযোগ সড়ক না থাকায় ২৩ বছরেও চালু হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার কয়েক হাজার মানুষ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কুঁড়া খালের সেতুটি মাইজবাগ ও মগটুলা ইউনিয়নের ৫-৬ গ্রামের মানুষের চলাচলের জন্য নির্মিত হলেও দুপাশের সংযোগ সড়ক না থাকায় চরম ভোগান্তিতে আছেন এলাকাবাসী।
নামফলকের তথ্য অনুযায়ী,২০০৩ সালের ১৮ জুলাই ৬ লাখ ৪২ হাজার ৪০০ টাকা ব্যয়ে এ সেতুর কাজ শেষ করে এলজিইডি।
এ সেতু দিয়ে প্রতিদিন আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচল করে। বানাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধীতপুর উচ্চ বিদ্যালয় ও মাইজবাগ পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা নিয়মিত এই পথে চলাচল করে। সংযোগ সড়ক না থাকায় প্রতিদিন তাদের কয়েক মাইল পথ ঘুরে যাতায়াত করতে হয় এবং এতে অসুস্থ মানুষের দুর্ভোগের যেনো শেষ নেই।
বানাশ্রম গ্রামের স্কুল ছাত্র বলেন, আমাদের এলাকায় ব্রীজ হয়েছে ২৩ বছর আগে কিন্তু সংযোগ সড়ক নাই। আমাদের পড়াশোনা করাটা একটা চ্যালেঞ্জ। অল্প বৃষ্টিতেই রাস্তা পানিতে তলিয়ে যায়।
একজন কৃষক বলেন, রাস্তা না থাকার কারণে আমাদের ছেলে মেয়েদের বিয়ে সাদী ভেঙে যায়। সংযোগ সড়ক করে খুব তাড়াতাড়ি ব্রিজটি চালুর দাবি জানাচ্ছি।
উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হোসেন বলেন, “সাধারণত কাঁচা রাস্তায় এলজিইডি ব্রিজ নির্মাণ করে না। এটি কীভাবে নির্মিত হয়েছে, সে বিষয়ে আমার জানা নেই। তবে কেউ উদ্যোগ নিলে সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”




