ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা৪৫ জনের ক্যাম্পে ৪৪ জনই বিকেএসপির

৪৫ জনের ক্যাম্পে ৪৪ জনই বিকেএসপির

গত শনিবার শুরু হয়েছে অনূর্ধ্ব-২১ হকি দলের ক্যাম্প। যে ক্যাম্পে ডাক পাওয়া ৪৫ জনের মধ্যে ৪৪ জনই হলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের। বিকেএসপির বাইরের নাজমুস সাবিদ মাহমুদ উঠে এসেছেন ওস্তাদ ফজলু হকি একাডেমি থেকে।

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারতের চেন্নাই ও মাদুরায়ে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। গ্রুপ ‘এফ’-এ বাংলাদেশ খেলবে গতবারের রানার্সআপ ফ্রান্স, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

টুর্নামেন্টের জন্য প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। পাকিস্তানের পাশাপাশি ইউরোপের দেশ জার্মানি, অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশের সঙ্গে খেলার ব্যাপারে কাজ করছে ফেডারেশন।

জুনিয়র হকি বিশ্বকাপে প্রতিপক্ষদের সম্পর্কে খুব একটা ধারণা নেই বাংলাদেশের। দলগুলোর খেলার ভিডিও ইউটিউবে দেখছেন বলে গতকাল সংবাদ মাধ্যমকে জানান অধিনায়ক মেহেরাব হোসেন সামিন, ‘ইউরোপের সঙ্গে আমরা সংযুক্ত না। আমরা শুধু ইউটিউবে তাদের খেলা দেখে থাকি। তাদের যে খেলার স্টাইল, সেটা সামনাসামনি দেখিনি। আমাদের কাছে প্রতিপক্ষরা কঠিন। তবুও চেষ্টা করব তাদের সঙ্গে যতটা সম্ভব ফাইট করার। আমরা যেহেতু বিশ্বকাপে গিয়েছি, তাদের চেয়ে কোনো অংশে কম না। আমাদের যতটুকু ফাইট করা দরকার, ততটুকু করব।’

গত ডিসেম্বরে ওমান জুনিয়র হকি বিশ্বকাপ নিশ্চিত করার পর ফেডারেশন থেকে বলা হয়েছিল ছয় মাসের প্রস্তুতি ক্যাম্প করবে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা কমে চার মাসে গিয়ে দাঁড়িয়েছে। তাতে খুব একটা সমস্যা দেখছেন না সামিন, ‘চার মাসের প্রস্তুতি নিয়ে কোনো আক্ষেপ নেই। একটা বিষয় হলো ফেডারেশন যদি স্পন্সর না পায়, তাহলে ক্যাম্প চালু করা সম্ভব না। যেহেতু আমাদের আবাসিক ক্যাম্প এবং বিদেশি কোচ আসবেন, সেহেতু চার মাসের প্রস্তুতি নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। এত তাড়াতাড়ি যে শুরু করেছে, এটাই অনেক বেশি।’

প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশ দুর্বল। তাই অনেকেই মনে করছেন ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপটা বাংলাদেশের জন্য স্রেফ অংশগ্রহণ।

এমনটা মানতে নারাজ রাকিবুল হাসান রকি, ‘একটা বিশ্বকাপে কোয়ালিফাই করেছি, সেখানে যাব শুধু খেলার জন্য নয়। যদি সে রকম কিছু হতো, তাহলে ফেডারেশন আমাদের চার মাসের ক্যাম্প করাত না, দুই মাসের করাত। সবাই আমাদের কাছ থেকে বড় কিছু আশা করছেন। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া অনেক টাফ। সেটার জন্য পাঁচ-দশ বছরের একটা পরিকল্পনা লাগে। ক্যাম্পে আসার পর সবাই নিজেদের মধ্যে আলোচনা করেছি যে অন্তত সেমিফাইনাল খেলব। যত বড় টিম হোক, এটা গোল বলের খেলা। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular