ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়৬২ বছরে পা রাখলেন তারেক রহমান, জন্মদিনে বিএনপির কোনো আয়োজন নেই

৬২ বছরে পা রাখলেন তারেক রহমান, জন্মদিনে বিএনপির কোনো আয়োজন নেই

কেক কাটা, পোস্টার-ব্যানার ও আলোচনা সভাসহ আড়ম্বরপূর্ণ কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে দল

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া তারেক রহমান আজ ৬২ বছরে পা রাখলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তিনি।

তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করবে না বিএনপি। গত কয়েক বছর ধরে দলটির নেতাকর্মীরা এ সিদ্ধান্ত মেনে চলছেন।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো কিংবা আলোচনা সভাসহ কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা হবে না। এ উপলক্ষে দলের কোনো কর্মসূচি নেই।

১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। পরে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন। ১৯৮২ সালে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন তিনি। এরপর ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

শিক্ষাজীবনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক চিন্তাবিদদের দর্শন ও চিন্তাধারা নিয়েও আগ্রহ ছিল তারেক রহমানের। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্ক্সসহ বিভিন্ন চিন্তাবিদের লেখা ও রাজনৈতিক দর্শন নিয়ে পড়াশোনা করেন তিনি।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে অংশ নেন। দলীয় প্রচার কৌশল নির্ধারণ ও নির্বাচনী কর্মকাণ্ড সমন্বয়েও ভূমিকা রাখেন তিনি।

২০০১ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সমস্যা, সুশাসন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেন তারেক রহমান। ওই নির্বাচনে খালেদা জিয়ার প্রচারের পাশাপাশি দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। এ সময় দল পুনর্গঠন এবং তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ বাড়াতে কাজ করেন। ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজনেও ভূমিকা রাখেন।

২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। কারাগারে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। ২০০৮ সালের ৯ জানুয়ারি আদালতে হাজির হয়ে তিনি রিমান্ডে নির্যাতনের অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিতের আবেদন করেন। তাঁর আইনজীবীরাও মেরুদণ্ডে গুরুতর আঘাতের বিষয়টি আদালতে তুলে ধরেন। পরে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে যান তিনি। এরপর দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করেন।

২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। লন্ডনে অবস্থান করেই দল পরিচালনা, সাংগঠনিক নির্দেশনা দেওয়া এবং রাজনৈতিক কর্মসূচি নির্ধারণে ভূমিকা রাখেন।

২০২৩ সালের ১২ জুলাই সরকারবিরোধী আন্দোলনে এক দফা দাবি ঘোষণা করে বিএনপি। এর পরদিন ১৩ জুলাই তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা উপস্থাপন করে দলটি। এতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তুলে ধরা হয়।

দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। এর আগে ২০২৫ সালের ১৩ জুন যুক্তরাজ্য সফররত তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর বৈঠক হয়। বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন। বিএনপির পক্ষ থেকে ওই বৈঠককে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। এরপর ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

দীর্ঘদিনের দলীয় রাজনীতি, আন্দোলন ও সাংগঠনিক নেতৃত্বের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন তারেক রহমান। তাঁর রাজনৈতিক জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular