নিউজ ডেস্ক : অর্থনৈতিক কৌশলের সঙ্গে বাস্তবায়ন কৌশল ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (১৫ এপ্রিল) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে দেশের অর্থনৈতিক কৌশল প্রণয়নের লক্ষ্যে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য গঠিত অ্যাডভাইজরি কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদ তিতুমীর বলেন, তিনটি মৌলিক পরিবর্তনের দিকে যেতে চাই। অতীতে যে পরিকল্পনা ও পরিসংখ্যান দেয়া হয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না। তাই এসবের মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, অর্থনীতির গণতন্ত্রায়ন চাই, যেখানে সবার প্রয়োজন অনুযায়ী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা হবে। ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য অর্থনৈতিক কৌশল প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং অর্থনীতির গণতন্ত্র নিশ্চিত করতে চায় সরকার।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, সংস্কার করতে চায় সরকার, সেই অনুযায়ী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। ভবিষ্যতে সংকট মোকাবিলায় খাদ্য নিরাপত্তার পাশাপাশি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও কৌশলগত মজুতের পরিকল্পনা রয়েছে।




