নিউজ ডেস্ক: অপারেশন ডেভিল হান্টের অভিযানে ময়মনসিংহে গফরগাঁও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেশমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই রেশমা আক্তার পলাতক ছিলেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি ময়মনসিংহ শহরে আত্নগোপনে রয়েছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রেশমা আক্তার গফরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের বিশ্বস্ত সহযোগী ছিলেন। তিনি গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। ২০১৯ সালে গফরগাঁওয় উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের এই নেত্রী।



