ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়আটক ৭৮ বাংলাদেশি নাবিকের ছবি প্রকাশ

আটক ৭৮ বাংলাদেশি নাবিকের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক:    আটক বাংলাদেশি ৭৮ নাবিকসহ এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫ ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্ট গার্ড।

গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে মোট তিনটি ছবি প্রকাশ করা হয়। এরআগে সোমবার বাংলাদেশের সমুদ্রসীমার শেষ প্রান্তে মাছ আহরণের সময় বাংলাদেশের দুটি ট্রলার জব্দসহ তাদের আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড।

ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে ৩টি ছবি প্রকাশ করে বলেছে, ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ২টি ট্রলারসহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে।

ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি পোস্ট করেছে, তার একটিতে দেখা যায়, আটক ট্রলারের নাবিকেরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। সেখানে নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের।

আরেকটি ছবিতে দেখা যায়, সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল জেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য।

জানা গেছে, এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের। অপরদিকে এফভি মেঘনা-৫ নামের ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

এদিকে সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান, গত সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার এক নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায়। যেহেতু ভারতীয় কোস্টগার্ড আটক করেছে বলে ফেসবুকে জানিয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় যাতে উদ্ধার করা যায়, সেজন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছেন তারা।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular