নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাতকবিলা- আছালতপুর গ্রাম সংলগ্ন বলাকান্দির হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম (৫০) উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাতকবিলা- আছালতপুর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) সকালে বাড়ির সামনে বলাকান্দির হাওরে ছোট একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যান সিরাজুল ইসলাম (৫০)। এসময় আকাশে মেঘ জমে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন বজ্রাঘাতে নৌকা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে অন্য জেলেরা ও স্থানীয় লোকজন সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



