ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানকে স্যাটেলাইট তথ্য ও ড্রোন প্রযুক্তি দিয়ে সাহায্য করছে রাশিয়া

ইরানকে স্যাটেলাইট তথ্য ও ড্রোন প্রযুক্তি দিয়ে সাহায্য করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে শক্তিশালী করতে স্যাটেলাইট চিত্র ও উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে রাশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে উপগ্রহ চিত্র সরবরাহের পাশাপাশি তাদের ড্রোন প্রযুক্তির আধুনিকায়নেও সহায়তা করছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মস্কো তার মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির মোকাবিলায় সক্ষম রাখতে এবং আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত করার কৌশল হিসেবে এ সহায়তা দিচ্ছে। রুশ কর্মকর্তাদের ধারণা, সংঘাত দীর্ঘ হলে তা তাদের সামরিক ও অর্থনৈতিক স্বার্থে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্রগুলোর দাবি, রাশিয়া ইরানের ‘শাহেদ’ ড্রোনের উন্নত সংস্করণ তৈরিতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে। এসব উন্নয়নের লক্ষ্য ড্রোনের যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা। এছাড়া ইউক্রেন যুদ্ধে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রোন ব্যবহারের কৌশলগত দিকনির্দেশনাও দিচ্ছে মস্কো।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্যও ইরানকে সরবরাহ করা হচ্ছে। এক ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া সরাসরি স্যাটেলাইট চিত্র ইরানের কাছে হস্তান্তর শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, এই সহায়তা অনেকটা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের দেওয়া গোয়েন্দা সহায়তার মতো। তাদের ধারণা, রাশিয়ার এই সহায়তার ফলেই ইরান সাম্প্রতিক সময়ে অঞ্চলে মার্কিন রাডার ব্যবস্থাগুলোর ওপর সফল হামলা চালাতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল জর্ডানে মোতায়েন ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ (থাড) সিস্টেমের আগাম সতর্কতা রাডারসহ বাহরাইন, কুয়েত ও ওমানের বিভিন্ন স্থাপনা।

তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular