জামালপুর প্রতিনিধি: ইসলামপুরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র শেখ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে জামালপুরের আমলাপাড়ার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেখ আব্দুল কাদের (৫৮) ইসলামপুর পৌরসভার চর গাওকুড়া মন্ডল পাড়া এলাকার মৃত উমর আলীর ছেলে।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় তাকে জামালপুর সদরে তার আমলাপাড়া ভাড়াবাসা থেকে ডিবি পুলিশের সহায়তা রাত দেড়টার সময় গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গত ১৬ ডিসেম্বর রাতে ইসলামপুরের সভারচরে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন এক ছাত্রদল নেতা। মামলায় এজাহারভুক্ত আসামি আব্দুল কাদের সেখ। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে



