ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধঈদের দিন স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় স্বামী গ্রেপ্তার

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ঈদুল আজহার দিন স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত স্বামী রিয়াজুল ইসলাম রাজু (৩৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনার পর আত্মগোপনে থাকা রাজুকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।

শনিবার (৩০ মে) সকালে র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম রাজু লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হুগলডহুরী গ্রামের বাসিন্দা।

র‍্যাব ও মামলার সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পূর্ণিমা আক্তারের সঙ্গে রাজুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঈদুল আজহার দিন সেই বিরোধের জেরে রাজু তাঁর স্ত্রী পূর্ণিমার ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে পূর্ণিমা গুরুতর আহত হন।

স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান।

ঘটনার পর পূর্ণিমার মা পাখি বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় রিয়াজুল ইসলাম রাজুকে প্রধান আসামি করা হয়।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবত বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular