ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকক্সবাজারকক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধস

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধস

নিউজ ডেস্ক: ভারী বর্ষণে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত সময়ে সড়কের কলাতলী দরিয়ানগর থেকে হিমছড়ির সাগরনিবাস এলাকায় ৫-৬টি স্পটে পাহাড় ধ্বসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জাধীন কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিংউ মারমা।

পাহাড়ি গাছ সমেত মাটি সড়কের উপর এসে যান চলাচল বাধাগ্রস্ত করে। তবে, খবর পেয়ে মেরিন ড্রাইভ তত্বাবধানকারি সেনাবাহিনী টিম দ্রুত পদক্ষেপে মাটি সরিয়ে যান ও জন চলাচল স্বাভাবিক করে । পাহাড় ধ্বসের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাত থেকেই থেমে থেমে টানা বৃষ্টি হচ্ছে। ৬টার পর থেকে তা ভারী হয়ে বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ পাহাড়ের মাটি ধসে গাছসহ মেরিন ড্রাইভ সড়কের ওপর পরে। দরিয়ানগর থেকে হিমছড়ি সাগরনিবাস পর্যন্ত প্রায় ৫-৬টি স্পটে এমন ঘটনা ঘটে। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

বন কর্মকর্তা ক্যাচিংউ মারমা জানান, পাহাড়ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় বেলা আড়াইটার দিকে মাটি ও অন্যান্য গাছগাছালি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন বলেন, টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটে থাকতে পারে। বর্ষা মৌসুমে মেরিন ড্রাইভ সড়কের পাহাড়ঘেঁষা অংশগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যায়। পাহাড়ধসপ্রবণ এলাকায় চালক ও সাধারণ মানুষের সতর্কতার সাথে চলাচল করা উচিত।

প্রসঙ্গত, প্রায় প্রতি বর্ষাতেই মেরিন ড্রাইভ সড়কের পাশের পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়কটি প্রশস্তকরণের প্রয়োজনে পাহাড়ের পাদদেশ খাড়া করে মাটি কাটা হয়। টানা বর্ষণে সেসব খাড়া অংশ ধ্বসে সড়কের উপরে চলে আসে। এটি মাথায় রেখে ধস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরী বলে মনে করছেন স্থানীয় জনসাধারন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular