ঢাকা  মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনফুটবল উন্মাদনায় রহস্য-থ্রিলারের ছোঁয়া,মুক্তি পেল ‘ফুটবল হট্টGOAL’

ফুটবল উন্মাদনায় রহস্য-থ্রিলারের ছোঁয়া,মুক্তি পেল ‘ফুটবল হট্টGOAL’

বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনার আবহে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে এসেছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ (Bongo)।

রহস্য, থ্রিলার, সামাজিক বার্তা এবং সোশ্যাল মিডিয়া-নির্ভর জনপ্রিয়তার অন্ধ দৌড়কে কেন্দ্র করে নির্মিত নতুন অরিজিনাল ফিকশন ‘ফুটবল হট্টGOAL’ ইতোমধ্যে প্ল্যাটফর্মটিতে মুক্তি পেয়েছে। দর্শকদের কাছ থেকেও এটি ইতিবাচক সাড়া পাচ্ছে।

নির্মাতা দীপু হাজরা পরিচালিত এবং এসিআই প্রিমিও প্লাস্টিকস নিবেদিত এই ফিকশনের মূল ভাবনা দিয়েছেন রাইয়াতুন তেহরীন টিউন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শফিকুর রহমান শান্তনু। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, ডলি জহুর, আজম খান, মাসুদ রানা মিঠু এবং জয়নাল জ্যাকসহ আরও অনেকে।

ফুটবল ব্লগার থেকে ‘অক্টোপাস ভাই’

গল্পের কেন্দ্রীয় চরিত্র আয়ান, ৩৬ বছর বয়সী এক ফুটবল ব্লগার। সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয় হওয়ার আশায় তিনি ফুটবল ম্যাচের ফল নিয়ে একের পর এক সাহসী ভবিষ্যদ্বাণী করতে থাকেন। কাকতালীয়ভাবে তার ভবিষ্যদ্বাণীগুলো মিলতে শুরু করলে রাতারাতি তিনি ‘অক্টোপাস ভাই’ নামে পরিচিত হয়ে ওঠেন।

এই অপ্রত্যাশিত জনপ্রিয়তাকে ঘিরেই শুরু হয় নাটকের মূল রহস্য। সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী আদিবা আয়ানকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন। কিন্তু জনপ্রিয়তার এই আলোই একসময় আয়ানের জীবনে ডেকে আনে ভয়াবহ বিপদ।

জনপ্রিয়তার আড়ালে অন্ধকার জগত

গল্পের মোড় ঘুরে যায় যখন পুরান ঢাকার কুখ্যাত জুয়াড়ি ও সন্ত্রাসী কালা মফিজের নজরে পড়ে আয়ান। একপর্যায়ে তিনি অপহরণের শিকার হন। আয়ানের খোঁজে নেমে আদিবা জানতে পারেন, ৩৬ বছর আগে ঘটে যাওয়া আরেকটি রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে বর্তমান ঘটনার অদ্ভুত মিল রয়েছে।

এরপর একের পর এক রহস্য উন্মোচনের মধ্য দিয়ে সামনে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া জনপ্রিয়তার মোহ, অনলাইন প্রভাব বিস্তার এবং জুয়া বা বাজির ভয়াবহ প্রভাবের বাস্তব চিত্র।

বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তা

নির্মাতারা জানিয়েছেন, ‘ফুটবল হট্টGOAL’ শুধু একটি থ্রিলার নয়; এটি বর্তমান প্রজন্মের সামনে সোশ্যাল মিডিয়ার অন্ধ প্রতিযোগিতা এবং জুয়ার মতো সামাজিক ব্যাধির ভয়াবহ পরিণতি তুলে ধরারও একটি প্রচেষ্টা।

ফুটবলপ্রেমীদের পাশাপাশি রহস্য ও থ্রিলারধর্মী কনটেন্ট পছন্দ করা দর্শকদের জন্য নাটকটি হতে পারে ভিন্ন স্বাদের বিনোদন।

বর্তমানে বঙ্গ (Bongo) অ্যাপ এবং ওয়েবসাইটে ফিকশনটি স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular