ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

গত ২ দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০৭ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে।

পানি বেড়ে ইতোমধ্যে দুধকুমার নদের পাড়ের নিম্নাঞ্চলের চরগুলো ডুবে গেছে। তলিয়ে গেছে আমন ধান ক্ষেতসহ সবজি ক্ষেতগুলো।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৪৭ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০৭ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১১ সে.মি. কমে বিপৎসীমার ২৯ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি স্থিতিশীল রয়েছে।

এদিকে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই অঞ্চলের নিচু চরগুলোর সবজি ক্ষেত ও আমন ক্ষেত ডুবে যাওয়ায় কৃষকেরা বন্যার আশঙ্কা করছেন।

নাগেশ্বরীর দুধকুমার পাড়ের কৃষক মহব্বত আলী বলেন, ‘সোমবার দুপুর থেকে পানি বৃদ্ধি পাওয়ায় আমার ২ বিঘা আমন ক্ষেত ডুবে গেছে। কাঁচ মরিচের গাছগুলো পানির নিচে।’

সদরের ধরলা নদীর পাড়ের বাসিন্দা আবু মিয়া বলেন, ‘গতকাল একটু পানি বাড়লেও আজ সকাল থেকে পানি বাড়েনি। বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে পানি জমে আছে।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘আগামী দুদিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বাড়তে পারে। এসময় দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ফলে কুড়িগ্রাম জেলার নদ-নদীগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular