ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর ভাওয়ার ভিটি এলাকায় শামীম আহমেদ (৩০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টায় ঢাকা-মাওয়া সড়কের ভাওয়ারভিটি পাশে ঝোপের ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শামীম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকার মো. জজ মিয়ার ছেলে।
নিহতের বাবা মো. জজ মিয়া বলেন, ‘শুক্রবার রাতে তার মেয়ের জামাই শামীমকে বাসা থেকে ডেকে নেয়। কী কারনে বাসা থেকে ডেকে নিয়েছে সেই বিষয়ে জানা নেই। রাতে শামীম বাসায় না ফিরলে তাকে খোঁজাখুঁজি করা হয়। শনিবার সকালে শুনতে পাই আব্দুল্লাহপুর ভাওয়ারভিটি একটি ঝোপের ভেতর মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করি। ছেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা পূর্বপরিকল্পিতভাবে শামীমকে হত্যা করা হয়েছে।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন সমকালবে বলেন, শামীমকে তার দুলাভাই গতকাল বাসা থেকে ডেকে সিএনজিতে করে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। সকালে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও কানের কাছে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।



