নিউজ ডেস্ক: তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’। রাজধানীতে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই উদ্যোগ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর নগরভবন অডিটোরিয়ামে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
নিউজ ডেস্ক: টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ডিএসসিসি এলাকার ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে নির্দিষ্ট বয়সসীমার ভিত্তিতে বিভিন্ন থানার স্কুলছাত্রীদের নিয়ে আলাদা নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আয়োজকেরা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করতে চান। নগরবাসীকে সম্পৃক্ত করতে উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি, কনসার্টসহ নানা সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি করপোরেশন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে মাঠমুখী হবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



