ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাজীপুরে ৪ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু

গাজীপুরে ৪ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু

গাজীপুরে গরুচোর সন্দেহে চারজনকে পিটুনি দিয়েছেন গ্রামবাসী। এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) ভোরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. শান্ত ইসলাম (২১) নরসিংদীর মাধবদী উপজেলার বালুচর এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন- কালীগঞ্জের বড়হরা (বড্ডা) এলাকার রিফাত (১৯), ভাটিরা এলাকার রুবেল (২৮) ও বান্দাখোলা এলাকার আবদুল্লাহ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাত পৌনে চারটার দিকে কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে একদল চোর হানা দেয়। ওই সময় শামসুদ্দিন মোল্লা পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। শব্দ পেয়ে জেগে উঠে তিনি চোরদের দেখে ফেলেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ও স্থানীয়দের সহায়তায় চোরদের ধাওয়া করা হয়। একপর্যায়ে চারজনকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের পিটুনি দিলে শান্ত নামের একজন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কৃষক শামসুদ্দিন মোল্লা বলেন, কয়েক দিন আগে আমার একটি গরু চুরি হয়। এর পর থেকে আমি নিজেই রাত জেগে পাহারা দিচ্ছি। ভোরে চোরেরা ঢুকে পড়লে চিৎকার করে সবাইকে ডাক দিই। পরে চারজনকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে চারজনকে হাসপাতালে আনে পুলিশ। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গরু চুরির অভিযোগে চারজনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular