প্রযুক্তি ডেস্ক: সপ্তাহের শেষভাগে এসে ‘গুগল হেলথ’ অ্যাপে নতুন একটি আপডেট এনেছে টেক জায়ান্ট গুগল। ‘গুগল হেলথ ৫.১০’ নামের এই নতুন সংস্করণে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই উন্মুক্ত করা হচ্ছে।
নতুন এই আপডেটের সবচেয়ে বড় বিষয় হলো-জাপানের পিক্সেল ওয়াচ ও ফিটবিট ব্যবহারকারীদের জন্য অনিয়মিত হৃদস্পন্দন বা ‘ইরেগুলার রিদম নোটিফিকেশন’ ফিচারের বিস্তার। এটি ব্যবহারকারী যখন স্থির বসে থাকবেন বা ঘুমিয়ে থাকবেন, তখন ব্যাকগ্রাউন্ডে হৃদস্পন্দনের তথ্য বিশ্লেষণ করে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের মতো হৃদরোগের কোনো লক্ষণ আছে কি না তা পরীক্ষা করবে।
দ্বিতীয়ত, গুগল হেলথের ‘রেডিনেস স্কোর’ ফিচারে উন্নতি আনা হয়েছে। এখন ব্যবহারকারীর ঘুমের অতিরিক্ত সংকেত ও তথ্য বিশ্লেষণ করে আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা দেবে এই ফিচারটি।
সর্বশেষ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সবচেয়ে উপযোগী পরিবর্তনটি হলো-চ্যাট করার মাধ্যমে ভুল এনট্রি মুছে ফেলার সুবিধা। এখন থেকে গুগল হেলথ কোচের সঙ্গে বার্তা আদান-প্রদানের মাধ্যমেই ভুল তথ্য মুছে দেওয়া যাবে। উদাহরণস্বরূপ, ‘আজ সকালে দেওয়া রানিংয়ের হিসাবটি মুছে দাও’-এমন নির্দেশ দিলেই কাজ হয়ে যাবে।
ব্যায়াম, খাবার, ওজন ও বিভিন্ন লক্ষণের দৈনিক তথ্য মোছার ক্ষেত্রে এটি কাজ করলেও কোনো চিকিৎসাসংক্রান্ত রেকর্ড মোছার ক্ষেত্রে কার্যকর হবে না।
গুগল জানিয়েছে, গুগল হেলথ অ্যাপের ৫.১০ ভার্সনের এই আপডেটটি অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে ইতোমধ্যেই রোল-আউট হওয়া শুরু করেছে।
সূত্র: ড্রইড লাইফ




