চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের বর্ষা বিপ্লবের প্রথম শহিদ “হৃদয় চন্দ্র তরুয়া”র জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে চবি ইতিহাস বিভাগ।
আজ ৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বেলা দুইটায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হওয়া হৃদয় চন্দ্র তরুয়ার জন্মদিন। জন্মদিনে তরুয়ার আত্মত্যাগ স্মরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণের আয়োজন করে ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
দুপুর ২টায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার স্মৃতিচারণামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা হায়দার। তিনি হৃদয় তরুয়ার দেশের জন্য আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী, অধ্যাপক ড. সালমা বিনতে শফিক, সহকারী অধ্যাপক দেবাসিস কুমার প্রামাণিক, সহকারী প্রক্টর ও প্রভাষক মো: নুরুল হামিদ কানন প্রমুখসহ ইতিহাস বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
বক্তব্য শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধী বৃক্ষ (আম,লিচু,জামরুল, কৃষ্ণচূড়া, সোনালু, জলপাই, নিম, বকুল, আমলকী, চালতা, আমড়া, রাধাচূড়া ইত্যাদি গাছ) রোপণ করে ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপরে সন্ধ্যা ৭ টায় হৃদয় তরুয়ার সহপাঠীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলওয়ে স্টেশনে প্রায় শতাধিক পথশিশুদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করে।
উল্লেখ্য শহিদ হৃদয় চন্দ্র তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের বর্ষা (জুলাই) বিপ্লবে চট্টগ্রামের বহদ্দারহাটে আন্দোলনরত অবস্থায় স্বৈরাচারের মদদপুষ্ট পুলিশের গুলিতে আহত হন। এবং ২৩ জুলাই ২০২৪ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।



