নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আদর্শ সমাজ গড়তে সৎ, দক্ষ ও দায়িত্বশীল কর্মী বাহিনী প্রয়োজন, যারা শুধু নিজেদের নয়, চারপাশের মানুষকেও ইতিবাচক পথে উদ্বুদ্ধ করবে। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষিত ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রাজধানীর মগবাজারস্থ আলা-ফালাহ মিলনায়তনে গতকাল (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনটি সকাল ৮টায় দারসুল কুরআনের মাধ্যমে শুরু হয়ে রাত ১২.১০ মিনিটে কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্য শেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন্দ ও নুরুল ইসলাম বুলবুল।



