সুমন আদিত্য, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।
বুধবার শহরের সিংহজানী খাদ্য গুদামে এই ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, চলতি মৌসুমে জেলায় সরকারি ভাবে ৭ হাজর ৫৮১ মেট্রিক টন ধান, ১৫ হাজার ৬২৯ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৮৭২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চুক্তিবদ্ধ ১৫১ জন চালকল মালিক সরকার নির্ধারিত ৪৭ টাকা কেজি মূল্যে সেদ্ধ চাল, ৪৬ টাকা কেজি মূল্যে আতপ চাল এবং কৃষকরা ৩৩ টাকা কেজি মূল্যে ধান সরবরাহ করবেন। একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান সরবরাহ করতে পারবেন এও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামছুন্নাহার সুলতানা ও সিংহজানী খাদ্য গুদামের এসএমও ইসরাত আহমেদসহ মিল মালিক ও কৃষকরা।



