২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় দায়ের করা মামলা সচল করে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
নাজমুল হোসেন : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলা পুনরুজ্জীবিত করে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির রেজাউল ইসলাম খান সুমন, শহর সেক্রেটারি হারুনুর রশিদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনায় দায়ের করা মামলাগুলোর কার্যক্রম পুনরায় চালু করে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।



