নিউজ ডেস্ক: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে লালন, পালন এবং ধারণ করতে এ অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যকে অটুট রাখতে হবে। বিভেদ, বিদ্বেষ কিংবা বৈষম্যের সৃষ্টি হলে তা ফ্যাসিবাদের ফিরে আসার উপলক্ষ তৈরি করতে পারে।
উপদেষ্টা আজ বিকেলে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান-বিক্ষুব্ধ কবি-লেখকদের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে কথাগুলো বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে একটি কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে, যা এর প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতাকে অমলিন ও অটুট রাখার পাশাপাশি বাংলাদেশের মানুষের মনন ও বোধকে ঘিরে একটি সাংস্কৃতিক ধারার নির্মাণ করবে।
সভায় বক্তৃতা করেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, কবি রায়হান জহির, ফারুক খান, তানজিম তানিম, কাজল রশীদ শাহীন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি প্রমুখ।অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অবদানের জন্য কবিদের সম্মাননা প্রদান করা হয়।
ঢাকা নিউজ/এস



