নিউজ ডেস্ক : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ভোগান্তি।
টিকা নিতে অনলাইনে চার ধাপের নিবন্ধন প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে—প্রথমে ভ্যাক্সইপিআই ওয়েবসাইটে নিবন্ধন, এরপর টিসিভি কর্মসূচিতে অন্তর্ভুক্তি, টিকাদান কার্ড ডাউনলোড এবং নির্ধারিত কেন্দ্রে গিয়ে সেই কার্ড দেখিয়ে টিকা গ্রহণ। সাধারণ মানুষের কাছে এই প্রক্রিয়া জটিল বলে মনে হচ্ছে।
অনেকেই অভিযোগ করেছেন, জন্মনিবন্ধন নম্বর না থাকায় নিবন্ধন সম্পন্ন হচ্ছে না।
ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শাহীনুর ইসলাম বলেন, “আমার সন্তানের জন্মসনদ নেই, তাই নিবন্ধন করা যাচ্ছে না। শিক্ষিত হয়েও যখন পারছি না, তখন গ্রামের মানুষ কীভাবে পারবে?”
মিরপুরের তন্ময় রহমান জানান, ওয়েবসাইটে সন্তানের স্কুলের নাম খুঁজে পাওয়া কঠিন; অনেক গ্রামীণ অভিভাবক নিবন্ধন করতে পারছেন না।
তবে আজ জাতীয় অ্যাডভোকেসি সভায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, জন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, “টাইফয়েড টিকার নিবন্ধন যেন কষ্টকর না হয়—এটি সহজ, বিনামূল্যে ও সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।”
ঢাকানিউজ২৪/মহফ



