ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি : ট্রাফিক আইন প্রয়োগ ও যানজট নিয়ন্ত্রণের ব্যস্ততার মধ্যেও গাছের পরিচর্যায় সময় দেন লক্ষ্মীপুরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সাইফ উদ্দিন। শহরের চকবাজার জামে মসজিদের পাশের দখলমুক্ত একটি জায়গায় নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি বাগান। সেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ।
সাইফ উদ্দিন ১৯৯৩ সালে ট্রাফিক পুলিশে যোগ দেন। ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালনের পর ২০২১ সালের ডিসেম্বরে লক্ষ্মীপুরে যোগ দেন তিনি। এরপর চকবাজার জামে মসজিদের পূর্ব ও দক্ষিণ পাশের হকারদের দখলে থাকা জায়গাটি দখলমুক্ত করে সেখানে বাগান গড়ে তোলেন।
ভোর ও রাতে অবসর পেলেই বাগানে সময় দেন সাইফ উদ্দিন। নিজেই গাছের পরিচর্যা করেন, পানি দেন এবং বাগানটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গাছ ও টব দিয়ে সহযোগিতা করছে।
‘সবুজ বাংলাদেশ’-এর জেলা আহ্বায়ক এ কে এম মাহবুবুর রশিদ বলেন, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে মানুষের কল্যাণের পাশাপাশি পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ প্রশংসনীয়। তাঁদের সংগঠনের পক্ষ থেকে বাগান তৈরিতে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
সাইফ উদ্দিন বলেন, তাঁর বাবা ছিদ্দিকুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা ছিলেন। বাবার ইচ্ছায় পুলিশ বাহিনীতে যোগ দিলেও ছোটবেলা থেকেই গাছের প্রতি তাঁর আগ্রহ ছিল। চাকরির অবসরের বেশির ভাগ সময় এখন তিনি এই বাগানে কাটান।
তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় উত্তর তেমুহনী এলাকার একটি বাগান দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে চকবাজারের বাগানটি এখনো টিকিয়ে রাখা সম্ভব হয়েছে। সুযোগ পেলে ভবিষ্যতে রায়পুরের শাহী মসজিদ ও লেংড় বাজার বড় মসজিদ এলাকাতেও এমন বাগান করার ইচ্ছা রয়েছে তাঁর।
ট্রাফিক নিয়ন্ত্রণের মতো ব্যস্ত দায়িত্বের পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তার এমন পরিবেশবান্ধব উদ্যোগ ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের নজর কেড়েছে। পথচারী ও স্থানীয় মানুষও বাগানটির প্রশংসা করছেন।




