নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ঘর-বাড়িতে অগ্নিসংযোগকারীদের গুন্ডা আখ্যা দিয়ে তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেছেন, এই গুন্ডাদের কোনো ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার রাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনার নিন্দাও জানান উপদেষ্টা।
বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছে পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদের সন্দেহভাজন গুন্ডা জায়গা দখলের নামে এই জঘন্য হামলা চালিয়েছে।
এদিকে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান জেলা প্রশাসন ও পুলিশকে পূর্ণ তদন্ত করে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
একইসাথে সেখানে সরকারি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করারও নির্দেশ দিয়েছেন তিনি।
বান্দরবান জেলা কর্তৃপক্ষ ইতঃমধ্যে আগুনে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পুনর্নির্মাণের জন্য সব ধরনের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত আরও সহায়তা প্রদান করা হবে বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলা প্রশাসনকে নিশ্চিত করেছেন।



