ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়দলীয় প্রভাবমুক্ত মানবিক পুলিশ গড়ার নির্দেশ

দলীয় প্রভাবমুক্ত মানবিক পুলিশ গড়ার নির্দেশ

নিউজ ডেস্ক : পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, মানবিক, আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গঠনে জনগণের আস্থার প্রতীক হিসেবেই পুলিশকে কাজ করতে হবে।

রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় দায়িত্ব পালনের ক্ষেত্রে চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং পেশাদারিত্ব বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণ করতে হলে পুলিশকে নিরপেক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠীগত অবস্থানের ঊর্ধ্বে থেকে আইন প্রয়োগ করতে পারলেই জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমনে নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নবীন কর্মকর্তাদের দায়িত্ব পালনের সময় মানবাধিকার, ন্যায়বিচার ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নীতি অনুযায়ী দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ অনুসরণ করতে হবে। পুলিশের ভেতরে কিংবা বাইরে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিজেদের আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপরও গুরুত্বারোপ করেন। তার ভাষায়, আধুনিক অপরাধ মোকাবিলায় প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, সংঘবদ্ধ অপরাধ ও নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও প্রযুক্তিবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। এজন্য নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি।-

অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটি চাকরি নয়, বরং এটি একটি মহান দায়িত্ব। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করলে পুলিশ বাহিনী দেশের মানুষের কাছে আরও বেশি সম্মান ও বিশ্বাস অর্জন করবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কর্মকর্তারা পেশাদারিত্ব, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular