ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসদুর্গাপূজা উপলক্ষে চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন

দুর্গাপূজা উপলক্ষে চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে পাঁচ ট্রেনের ডে অফ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিশেষ ট্রেনের সবগুলোই চলবে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে। ‘ঢাকা স্পেশাল-৩’ নামে ট্রেনটি শুধু আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করবে।

‘ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২’ আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচল করবে। একই রেকে নাম পরিবর্তন করে চলবে ট্রেনটি। ‘চট্টগ্রাম স্পেশাল-৪’ ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রুটে শুধু ২৪ অক্টোবর চলাচল করবে।

যাত্রী চাপ সামলাতে আগামী ১৯ ও ২০ অক্টোবর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। ১৯ অক্টোবর ঢাকা-খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস, ২০ অক্টোবর ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস এবং ২৪ অক্টোবর ঢাকা-রাজশাহী রুটের মধুমতি এক্সপ্রেসের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরগুলোর প্রধান, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা তখন উপস্থিত ছিলেন।

রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গা পূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণ করতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় লোকোমোটিভ সরবরাহ করা হবে।

শিডিউল বিপর্যয় দূর করতে ও সময়ানুবর্তিতা রক্ষায় গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালিত হবে।

ট্র্যাক ও ব্রিজের নিরাপত্তা নিশ্চিতে রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে সিগন্যালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুর্ঘটনাস্থলে দ্রুত প্রেরণের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে রিলিফ ট্রেন।

এছাড়া ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের প্রধান প্রধান রেলস্টেশনে জিআরপি ও আরএনবি-এর সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে। ১৯ ও ২০ অক্টোবর ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ম্যাজিস্ট্রেরিয়াল ডিউটি নিশ্চিত করা হবে।

চলন্ত ট্রেন, স্টেশন বা রেললাইনে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের নজরদারি ও কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular