ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিগ্রামীণ সড়কে ৩ বছরের ওয়ারেন্টিসহ জামানত গ্রহণের সুপারিশ

গ্রামীণ সড়কে ৩ বছরের ওয়ারেন্টিসহ জামানত গ্রহণের সুপারিশ

নিউজ ডেস্ক: গ্রামীণ সড়ক নির্মাণের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত গ্রহণের সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কার্যক্রমের ওপর উপস্থাপনা দেওয়া হয়। এ ছাড়া সরকারের গত ১৮০ দিনে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

এসময় দেশের বিভিন্ন স্থানে আর্সেনিকযুক্ত এলাকা চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহে প্রকল্প গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। গ্রামীণ সড়ক নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার পাশাপাশি নির্মাণকাজের তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করা হয়।

একই সঙ্গে কমিটি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, স্বজনপ্রীতিমুক্ত আচরণ ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি বিগত সরকারের সময়ে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular