ঢাকা  বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যদ্রুত কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদের দূরপাল্লার বাস: ডিএসসিসি প্রশাসক

দ্রুত কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদের দূরপাল্লার বাস: ডিএসসিসি প্রশাসক

নিউজ ডেস্ক: রাজধানীর যানজট কমাতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রাথমিক পর্যায়ে অস্থায়ী শেড নির্মাণ করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬টি জেলার দূরপাল্লার বাস কাঁচপুর থেকে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আবদুস সালাম বলেন, রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে দ্রুত কাঁচপুর টার্মিনালের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে অস্থায়ী শেড নির্মাণের মাধ্যমে সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাসগুলো কাঁচপুরে স্থানান্তর করা হবে। পরবর্তী সময়ে সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে।

তিনি বলেন, দূরপাল্লার বাসগুলো রাজধানীর মূল শহরে প্রবেশ না করলে ঢাকার যানজট উল্লেখযোগ্যভাবে কমবে। কাঁচপুর থেকে সায়েদাবাদে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে ডিএসসিসির উদ্যোগে বিশেষ ‘শাটল সার্ভিস’ চালুর পরিকল্পনাও রয়েছে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, গুলিস্তান বাস টার্মিনাল বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ চলছে। ডিএসসিসির তথ্য অনুযায়ী, প্রকল্পের সার্বিক অগ্রগতি বর্তমানে প্রায় ৩০ শতাংশ।

এর মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ ৭৫ শতাংশ এবং অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম নির্মাণের কাজ ২৫ শতাংশ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রাথমিক নির্মাণকাজ শেষ করে টার্মিনাল চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রায় ১২ একর জায়গার ওপর নির্মাণাধীন কাঁচপুর বাস টার্মিনালে একসঙ্গে প্রায় ৪০৫টি বাস ধারণের সক্ষমতা থাকবে। এর মধ্যে ৩৭৮টি বাসের পার্কিং ব্যবস্থা, ২২টি বাস বে এবং পাঁচটি ওয়াশিং বে রাখা হচ্ছে। পাশাপাশি ৪০টি ছোট গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।

যাত্রীদের সুবিধার জন্য টার্মিনালে ৪৮০ আসনের ওয়েটিং জোন ও ১০৬টি টিকিট কাউন্টার নির্মাণ করা হচ্ছে। এছাড়া পুরুষদের জন্য ১০টি এবং নারীদের জন্য ছয়টি টয়লেট, ৬৫ বর্গমিটার অফিস স্পেস এবং ৫০ বর্গমিটার ইলেকট্রো-মেকানিক্যাল রুমের সংস্থান রাখা হয়েছে।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক নির্মাণকাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে কোনো ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের কঠোর নির্দেশনা দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular