ঝালকাঠি প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে কৃষকদের মাঝে বহুল প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রথম ধাপে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ৫৭৯ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল-মামুন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় সাংবাদিকরা।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এই কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষকদের কৃষি উপকরণ, সরকারের বিভিন্ন প্রণোদনা, কৃষিঋণ ও প্রশিক্ষণ সুবিধা দেওয়া হবে। এর ফলে প্রকৃত কৃষক শনাক্তকরণ সহজ হবে এবং সরকারি সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল হবে।




