ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনাটোরে মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা

নাটোরে মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা

নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে মুখ থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার সরদারপাড়া মহল্লায় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মমতাজ বেগম স্থানীয় মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর মমতাজ বেগম একযুগ ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। তার এক ছেলে জাকির হোসেন মঞ্জু বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রসংলগ্ন আরেকটি বাড়িতে থাকেন এবং এক মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। বাড়ির দেখাশোনার জন্য রাখা হয়েছিল দুই গৃহকর্মী সুফিয়া বেগম (৪০) ও কাজী আবু শামাকে (৬১)। রোববার রাতের খাবার শেষে নিয়মিত দায়িত্ব পালন শেষে প্রহরী কাজী আবু শামা এশার নামাজ পড়ে বাড়িতে ফেরেন। এ সময় ঘরে ঢুকে দেখেন মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং তার মুখ থেঁতলানো। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মমতাজকে উদ্ধার করে পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মমতাজ বেগমের শরীরে থাকা বেশ কিছু স্বর্ণালংকার খোয়া গেছে। তাদের ধারণা, ফাঁকা বাড়িতে ডাকাতির জন্য ঢুকেই দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মী সুফিয়া বেগম ও প্রহরী কাজী আবু শামাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস বলেন, ‘ঘটনাটি নৃশংস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির জন্যই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular