ঢাকা  সোমবার, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে পৈত্রিক সম্পত্তি নিয়ে পাঁচ বোনের বিরুদ্ধে ভাইয়ের সংবাদ সম্মেলন

নান্দাইলে পৈত্রিক সম্পত্তি নিয়ে পাঁচ বোনের বিরুদ্ধে ভাইয়ের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পাঁচ বোনের বিরুদ্ধে মারধর, জমি বিক্রি, হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন আব্দুর রাশিদ নামে এক ব্যক্তি।
সোমবার (২১ সেপ্টেম্বর) নান্দাইলে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ দিয়ে তিনি এসব অভিযোগ করেন। আব্দুর রাশিদ নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা গ্রামের মৃত হাজী আব্দুল খালেকের ছেলে। অভিযোগে তিনি তার পাঁচ বোন ফাতেমা আক্তার, শাহিদা খাতুন, সুফিয়া খাতুন, নাজমা আক্তার ও আম্বিয়া খাতুনকে অভিযুক্ত করেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রাশিদ বলেন, দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে তাকে এবং তার প্রয়াত ছোট ভাই শাহজাহান মিয়ার স্ত্রী নাদিরা আক্তারকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি মিথ্যা অভিযোগে ৯৯৯ নম্বরে ফোন করে একাধিকবার পুলিশ বাড়িতে নিয়ে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে তিনি আরও বলেন, গত ১৯ সেপ্টেম্বর সকালে তার বোনেরা তাকে ও তার স্ত্রী আয়শা আক্তারকে মারধর করেন এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করেন।
এ ছাড়া গত ২৮ জুন তার অজ্ঞাতে পৈত্রিক জমির দুটি দাগ থেকে ১০ শতাংশ জমি ৫২ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আব্দুর রাশিদ।
তিনি বলেন, তার প্রয়াত ছোট ভাই শাহজাহান মিয়া দুই শিশু সন্তান রেখে মারা যাওয়ার পর তার স্ত্রী নাদিরা আক্তারকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে বাধা দেওয়ায় তাকেও বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি।
আব্দুর রাশিদ আরও অভিযোগ করেন, পাঁচ বোন তার বিরুদ্ধে সম্পত্তি দখল ও মারধরের অভিযোগ তুলে বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য প্রচার করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ছবি প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় ও মানহানি করা হচ্ছে। এসব হয়রানিমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন তার ভাগনে মাওলানা রবিউল আওয়াল বলেও অভিযোগ করেন তিনি।
আব্দুর রাশিদ এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular