জালাল উদ্দিন মণ্ডল নিজস্বপ্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে ৮ জন সশস্ত্র আনসার সদস্য স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যদের মধ্যে রয়েছেন ১ জন প্লাটুন কমান্ডার (পিসি), ১ জন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) এবং ৬ জন আনসার সদস্য।
দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব সশস্ত্র আনসার সদস্য আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
সারাদেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা এবং হাসপাতালের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও সম্পদ সুরক্ষার লক্ষ্যে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।
এ উদ্যোগের ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।



