নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটো একসাথেই চলতে পারে’। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব, জনআকাঙ্খা পূরণ করা সম্ভব।
রাজধানীর শেরেবাংলা নগরে রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চার সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয়।
বিএনপির মহাসচিব বলেন, ‘ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা অসম্ভব। এজন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার। বিগত ১৬ বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি, আবার চেষ্টাটা চালু করতে হবে।’
রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।



