আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভয়াবহ অস্থিরতার মধ্যে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৯ জন দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় জনগণের ক্ষোভ বাড়তে থাকায় এই পরিস্থিতি তৈরি হয়। এদিকে, মঙ্গলবার রাত থেকেই দেশের মানুষকে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে নেপালি সেনাবাহিনী। খবর বিবিসির।
রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়, যার ফলে কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থানে সরকারি ভবন এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা চালানো হয়।
এই বিশৃঙ্খলার মধ্যে জেল কর্মকর্তারা জানিয়েছেন যে নেপালের পশ্চিমাঞ্চলের দুটি কারাগার থেকে ৯০০ জন বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার কারণে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। সোমবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ততক্ষণে বিক্ষোভ একটি গণআন্দোলনে রূপ নিয়েছিল।
রাতে নেপালের সেনাপ্রধান এক বিবৃতিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বর্তমান সংকটের সুযোগ নিয়ে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার অভিযোগ আনেন।
যদি অস্থিরতা চলতে থাকে, তবে নেপালের সেনাবাহিনীসহ সব নিরাপত্তা প্রতিষ্ঠান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা নিউজ/এস



