ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকপবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

নিউজ ডেস্ক: মিনায় অবস্থানের মধ্য দিয়ে সোমবার থেকে সৌদি আরবে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হজযাত্রী ইতোমধ্যে মিনায় পৌঁছেছেন। হাজিদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী রোববার রাত থেকেই মিনার উদ্দেশে রওনা দেন তারা।

বাংলাদেশের হজযাত্রীদের যথাসময়ে মিনায় পাঠাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার কথা আগেই জানিয়েছে মক্কার বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সার্বিক ব্যবস্থাপনায় হাজিদের নিরাপত্তা, পরিবহন ও আবাসনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করবেন। ময়দানটিতে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সেখানেই রাতযাপন করবেন। এরপর আগামীকাল ৯ জিলহজ সকালে তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন।

এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের প্রান্তরে অবস্থান করবেন। ইসলামী শরিয়ত অনুযায়ী, হজের তিনটি ফরজ কাজের মধ্যে আরাফাতের ময়দানে অবস্থান করা অন্যতম।

সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা হবেন হাজিরা। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর সেখানেই রাতযাপন করবেন তারা। পরদিন ১০ জিলহজ ফজরের আগে মুজদালিফা থেকে মিনায় ফিরে প্রধান জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা।

এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে পশু কোরবানি করবেন এবং মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করার আনুষ্ঠানিকতা পালন করবেন। ১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করবেন তারা।

এদিকে তীব্র গরম ও উচ্চ তাপমাত্রা নিয়ে সতর্কতা জারি করেছে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্যমতে, মিনা ও মুজদালিফায় দুপুরের দিকে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এ পরিস্থিতিতে হাজিদের সরাসরি রোদ এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, ছাতা ব্যবহার এবং পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। সৌদি সরকারের এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশি হজযাত্রীদেরও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করতে সৌদি আরবে সমবেত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে চলতি বছর প্রায় ৭৮ হাজার মুসল্লি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular