ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedপল্লবীতে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

পল্লবীতে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে পুরনো পল্লবী থানার সামনে সি ব্লকের ৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত রিফাত শরীয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর সালদর গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে মিরপুর ১২ নম্বরের ডি ব্লকের ২৫ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

জানা যায়, গুরুতর অবস্থায় স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেয়। সেখান থেকে বিকেল পৌনে ৪টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিফাতের বাবা সাগর খান জানান, রিফাত গার্মেন্টসের চাকরি ছেড়ে কিছুদিন ধরে বেকার ছিলেন। আগামী মাস থেকে নতুন করে কাজে যোগ দেওয়ার কথা ছিল। দুপুরে শেওড়াপাড়া এলাকায় পাওনা টাকা আনতে বাসা থেকে বের হন। পথে পুরনো পল্লবী থানার সামনে পাঁচ–সাতজন যুবক রিফাতের গতিরোধ করে মারধর করতে থাকেন। এ সময় রিফাত তাঁকে ফোন করে বিষয়টি জানান।

সাগর জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছালে দুই মোটরসাইকেলে করে আরও চারজন যুবক আসেন। এরপর দুর্বৃত্তরা বলে, রিফাতের সঙ্গে তাদের ‘হিসাব আছে’। তখনই তারা রিফাতের বুকে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়, এতে তিনি নিজেও আহত হন। ছেলেকে কেন হত্যা করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, নিহত রিফাতের মরদেহ মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular