বিশেষ প্রতিনিধি, ঢাকা: জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে মাহফুজ আলম বলেন, সনদ আর ঘোষণাপত্র আলাদা জিনিস। সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পৌঁছানো একটি সিদ্ধান্ত এবং জনসম্মুখে প্রকাশ হবে এমন একটি ডকুমেন্ট। যেটির মাধ্যমে কোন দল কোন কোন বিষয়ে একমত ও দ্বিমত সেটি জানতে পারবে জনগণ। সব দলের কম্প্রোমাইজের মধ্যে দিয়ে এটি ইতোমধ্যে একটি পর্যায়ে পৌঁছেছে। প্রস্তুতি চলছে, শীঘ্রই ঘোষণা হবে।
শনিবার (২ আগস্ট) সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের র্যালি শেষে এ তথ্য জানান তিনি।
আর জুলাই ঘোষণাপত্র আলাদা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এটি গণঅভ্যুত্থানের আকাঙ্খার একটা পেপার ওয়ার্ক বা দালিলিক প্রমাণ। পাঁচ আগস্টে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটার দালিলিক প্রমাণ হিসেবেই থাকবে এটি। তবে সেখানে সকল রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকবে কি না নিশ্চিত নয়। এর মাধ্যমে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ফুটে উঠবে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন পর্বে প্রবেশ করেছে। গত এক বছরে দেশের মানুষের ভাগ্য পুরোপুরি পরিবর্তন সম্ভব হয়নি বলেও জানান তিনি।
ঢাকা নিউজ/এস



