জানুয়ারিতে শুরু হয়ে মে মাসে শেষ হবে ভোট; ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক : ২০২৭ সালে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে কোন ধাপে কতটি ইউনিয়নে ভোট হবে, সেই সংখ্যাও চূড়ান্ত করেছে কমিশন। পাঁচ ধাপে দেশের মোট ৫ হাজার ৩০৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি এবং তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে ভোট হবে। চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১৪তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
আগে ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ভোটগ্রহণ হবে ২৭ মে।
স্থগিত ইউনিয়নেও ভোটের পরিকল্পনা
আইনি জটিলতা কিংবা অন্য কোনো কারণে যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রয়েছে, সেসব জটিলতা নিরসন করা সম্ভব হলে পঞ্চম ধাপের সঙ্গে সমন্বয় করে ওই ইউনিয়নগুলোতেও নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।
দেশের চলমান অস্থিরতা ও রাজনৈতিক কর্মসূচি নির্বাচনের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন মনে করে না, এসব কারণে নির্বাচনের পরিবেশে বিরূপ প্রভাব পড়বে। বরং স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আদলে এ সংলাপ আয়োজন করা হবে।
সানাউল্লাহ জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। চলতি মাসের শেষ ভাগ অথবা ডিসেম্বরের প্রথম দিকে টানা তিন দিন নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন আরও সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে আয়োজনের বিষয়ে দলগুলোর মতামত ও সহযোগিতা চাওয়া হবে।
কমিশনের ১৪তম সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদসহ কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



