হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- শ্রাবণ সরকার, শুভ সরকার ও অহনা সরকার। তারা চাচাতো-ফুফাতো ভাই-বোন।
পরিবার জানায়, দুপুরে জগাই সরকারের বাড়িতে তার মেয়ে অর্ন সরকারে বিয়ে নিয়ে কথা চলছিল। দুপুরের দিকে বাড়ির শিশুরা পুকুর পাড়ে যায়। প্রথমে পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৩) পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) ও ফুফাতো বোন নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫) পুকুরে নামে। তখন তারাও পানিতে ডুবে যায়। দুপুর দেড়টার দিকে বিয়ে বাড়িতে আসা এক নারী পানিতে অহনাকে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করা হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে থেকে শ্রাবণ এবং তারপর শুভর মরদেহ উদ্ধার করা হয়। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন বলেন, হাসপাতালে আনার আগেই তিন শিশু মারা গেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ‘লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’



