ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়পোল্ট্রি খাতের উন্নয়নে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

পোল্ট্রি খাতের উন্নয়নে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পোল্ট্রি খাতকে এগিয়ে নিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, প্রান্তিক খামারিরা যেন তাঁদের উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য পান, আবার সাধারণ মানুষও যেন সাশ্রয়ী মূল্যে ডিম ও মাংস কিনতে পারেন—এই দুই বিষয় সমন্বয় করে পোল্ট্রি খাতের উন্নয়ন করতে হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিম ও মুরগির মাংসের উৎপাদন বাড়লে বাজারে সরবরাহ বাড়বে। এতে পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব হবে। এ জন্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজার ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হবে।

পোল্ট্রি খাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিম, মাংস ও পোল্ট্রি ফিডের মান নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে পোল্ট্রি খাতের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন করতে হবে। নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার সহযোগিতা করবে। বিশেষ করে প্রান্তিক খামারিদের উৎপাদন ধরে রাখতে ঋণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মন্ত্রণালয় উদ্যোগ নেবে।

মাঠপর্যায়ের খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, তাঁদের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে গাজীপুর, ধামরাই, মানিকগঞ্জ ও টাঙ্গাইলের প্রান্তিক খামারিদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় সভা আয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, পোল্ট্রি শিল্পের উদ্যোক্তা, খামারি ও ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ ও মানসম্মত আমিষের জোগান নিশ্চিত করতে এ খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখবে।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এফআইএবি) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

সভায় ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সভাপতি মাহবুবুর রহমান, এফআইএবির সিনিয়র সহসভাপতি মো. আহসানউজ্জামান, ডব্লিউপিএসএ-বিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, বিপিআইসিসির সচিব এ. টি. এম. মোস্তফা কামাল এবং নরিশের পরিচালক রফিকুল ইসলাম (বাবু)সহ পোল্ট্রি খাতের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular