নিউজ ডেস্ক: দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং সুবিধা, বীমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা, অনলাইন পেমেন্টসহ বিভিন্ন জরুরি সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখলেও তথ্যের নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জন এবং রিজার্ভ সমৃদ্ধ রাখতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিমানবন্দর, দালাল চক্রের প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অর্থ পাঠানোর জটিলতা এবং দেশে ফিরে পুনর্বাসনসংক্রান্ত নানা সমস্যারও মুখোমুখি হন তারা।
এসব ভোগান্তি কমাতেই সরকার ডিজিটাল ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। এই কার্ডের মাধ্যমে বিমানবন্দরে হয়রানি কমানোর পাশাপাশি দূতাবাসে অগ্রাধিকারভিত্তিক সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিভিন্ন সরকারি ও প্রয়োজনীয় সেবার ফি এবং অন্যান্য অর্থ পরিশোধ অনলাইনেই সহজে করা যাবে।




