নিউজ ডেস্ক: প্রায় ৫,১৫২.৫৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষে চট্টগ্রামের (ক্যাচমেন্ট ২ এবং ৪) পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতির জন্য একটি প্রকল্পসহ মোট ৫,৯১৫.৯৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের জন্য মোট পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)
২৫ নভেম্বর সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
পাঁচটি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ১,০৯৫.৯৪ কোটি টাকা বাংলাদেশ সরকারের অংশ থেকে, ৪,৭৮৭.৫০ কোটি টাকা প্রকল্প সহায়তা থেকে এবং বাকি ৩২.৫৫ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিছু নীতিগত বিষয় সমন্বয় করার এখন সময় এসেছে।
ক্ষমতা গ্রহণের পর অন্তর্র্বতীকালীন সরকার উন্নয়ন প্রকল্পগুলোকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করার দিকে নজর দিয়েছে। এখন তারা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করবে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হার কম ছিল উলে¬খ করে তিনি বলেন, বিগত বছরের মতো বিভিন্ন কারণে এডিপি ছাঁটাই হতে পারে।
এক প্রশ্নের জবাবে পরিকল্পনা উপদেষ্টা জানান, দু-একদিনের মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের চলমান প্রকল্পগুলো দুর্নীতি ও অনিয়ম পরিহার করে দ্রুত বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশন থেকে অনুরোধ করা হবে।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এছাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে উপদেষ্টাদের চিঠি দেবেন।
তিনি আরেক প্রশ্নকর্তাকে জানান, চলতি অর্থবছরের শেষে, শিক্ষা খাতে বিশেষ করে শিক্ষাগত সরঞ্জাম, বৈজ্ঞানিক ও গবেষণার উপকরণ এবং অন্যান্য সরঞ্জামের জন্য অন্যান্য খাতের তুলনায় আনুপাতিকভাবে বেশি বরাদ্দ দেয়া যেতে পারে।
পরিকল্পনা উপদেষ্টা আর আশা প্রকাশ করেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এলে বেসরকারি খাতের উদ্যোক্তারা অধিক সংখ্যায় এগিয়ে আসবে এবং অর্থনীতিতে গতি সঞ্চারিত হবে।
এছাড়া একনেক বৈঠকে ব্যয় না বাড়িয়ে দুটি প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়।



