বরিশাল প্রতিনিধি : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন। এতে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার।
প্রধান অতিথির বক্তব্যে সালমা পারভীন বলেন, দুর্যোগ মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখার পাশাপাশি এ বিষয়ে আরও ব্যাপক আলোচনা ও কার্যকর উদ্যোগ নিতে হবে। দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রস্তুতি শুরু করতে হবে নিজের ঘর থেকেই।
তিনি বলেন, ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় শান্ত থাকা, ধৈর্য ধারণ করা এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। দুর্যোগের সময় আতঙ্কিত হয়ে পড়লে বিপদের মাত্রা আরও বেড়ে যেতে পারে।
তিনি আরও বলেন, বাসা ও কর্মস্থল থেকে জরুরি মুহূর্তে বের হওয়ার বিকল্প পথ, নিরাপদ স্থানে যাওয়ার উপায় এবং বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেলে করণীয় সম্পর্কে আগে থেকেই পরিষ্কার ধারণা রাখতে হবে।
দুর্যোগ মোকাবিলা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে সালমা পারভীন বলেন, এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্ধারকারী সংস্থা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি, নিয়মিত মহড়া, নিরাপদ ভবন নির্মাণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে পরিবার ও সমাজের সদস্যদের ধারণা দেওয়ার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।




