সুমন দত্ত: দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারিকরণের প্রস্তাব আনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে বিদ্যুৎ বিভাগের একাধিক শ্রমিক ফেডারেশন। নিজেদের চাকরি হারানোর আশঙ্কা করছেন তারা। এছাড়া বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। পাশাপাশি বিদ্যুতের দার বেড়ে যাবার আশঙ্কা করেছেন তারা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন হলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ ফেডারেশনের সভাপতি কাজী মোশারেফ হোসেন সহ অন্যরা।
বক্তারা বলেন, দিল্লির উদাহরণ টেনে বিদ্যুৎ ও খনিজ ও জ্বালানী মন্ত্রী বেসরকারি করণের যে প্রস্তাব দিয়েছেন সেটি আত্মঘাতী। এটি একটি ব্যর্থ প্রস্তাব। এই প্রস্তাব গ্রহণ করা হলে বিদ্যুতের দাম বেড়ে যাবে এবং সেবার মান কমে যাবে। পাশাপাশি যারা এই বিভাগে কাজ করছেন তাদের অনেকে চাকরি হারাবে। সরকারি সুযোগ সুবিধা শেষ হয়ে যাবে।
শ্রমিকদের স্বার্থে এই বেসরকারিকরণ প্রস্তাব অবিলম্বে বাতিল করতে হবে।
তারা আরো বলেন ২০০২ সালের পূর্বে দিল্লির সিস্টেম লস ছিল ৪৮% থেকে ৪৭%। আর বর্তমানে ২০২৪-২৫ সালে বাংলাদেশে গড় সিস্টেম লস ১০.১৩%। জার্মানিতে এই বেসরকারিকরণ ব্যর্থ হয়েছে। পরে এটি শহরের মেয়র নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান বেসরকারি করা হয়েছে। তাদের অতীত ভালো নয়। আর্থিক সংকটে পড়ে তারা দেউলিয়া হয়ে গেছে। ওইসব দেউলিয়া ব্যক্তিদের হাতে এই প্রতিষ্ঠান পড়লে এটি ধ্বংস হয়ে যাবে।




