নিউজ ডেস্ক : ভবনের আগুনে কয়েকটি তলা ভস্মীভূত হওয়ায় পুরো সচিবালয়ে কাজের ক্ষেত্রে স্থবিরতা নেমে এসেছে। ভবনগুলো বিদ্যুৎহীন থাকায় কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করেও অফিস করতে পারছেন না।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, তদন্তের পরই আগুন লাগার প্রকৃত রহস্য ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুনের ঘটনা ঘটে। সাড়ে ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ভয়াবহ আগুনের ঘটনায় সচিবালয়ের পাঁচটি গেট বন্ধ রেখে রাত থেকেই সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে সচিবালয়ে কর্মরত কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী বাইরে অপেক্ষা করতে থাকেন। আগুন নিয়ন্ত্রণে এলে সকাল ১০টার দিকে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য ৫ নম্বর ফটক খুলে দেয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্রসচিবকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।



