ব্যথার যন্ত্রণায় কাতর অসুস্থ একটি হনুমান নিজেই চিকিৎসার জন্য হাজির হয় ক্লিনিকে। সেখানে চিকিৎসা নিতে আসা লোকজনকে নিজের অসুস্থতার বিষয়টি বোঝানোর চেষ্টা করে। একটি প্রাণীর এমন আচরণে সবাই বিস্মিত হন। খবর পেয়ে প্রাণিসম্পদ বিভাগ হনুমানটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। গত মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পাংশা শহরের বেসরকারি ক্লিনিক হামিদা মেডিক্যাল সেন্টারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, হামিদা মেডিক্যাল সেন্টারে সাধারণ রোগীদের বসার বেঞ্চে হনুমানটি এসেই মাথা নিচু করে বসে পড়ে। এ সময় সেখানে আসা রোগী ও মেডিক্যাল সেন্টারের লোকজন হনুমানের চারপাশে দাঁড়িয়ে মুঠোফোনে ছবি ধারণ করেন। কেউ কেউ কলা খেতে দেন। অসুস্থ হনুমানটি কখনো মাথা নিচু করে, কখনো বেঞ্চে শুয়ে পড়ে। মাঝেমধ্যে হাতের আঘাতের ক্ষতচিহ্ন দেখানোর চেষ্টা করে।




