নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে যদি দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়, তবে মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক “ধ্বংস হয়ে যাবে।” রবিবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এর ফলে আমাদের সম্পর্ক শেষ হবে, অথবা অন্তত সাম্প্রতিক ইতিবাচক প্রবণতাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।”
পুতিনের এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যের পর। ভ্যান্স জানিয়েছিলেন, ইউক্রেনের অনুরোধে রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ওয়াশিংটন বিবেচনা করছে।
এর আগে আগস্টে আলাস্কায় এক শীর্ষ বৈঠকে পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে ট্রাম্প রাশিয়াকে ‘কাগুজে বাঘ’ বলে সমালোচনা করেন, যার জবাবে পুতিন পাল্টা প্রশ্ন তোলেন— “রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ ন্যাটোও কি কাগুজে বাঘ নয়?”
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পুতিনের এই নতুন হুমকি মস্কো-ওয়াশিংটনের সম্পর্ককে আরও উত্তেজিত করে তুলতে পারে।
ঢাকানিউজ২৪/মহফ



