নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে চার লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এতে ব্যয় হবে প্রায় এক হাজার ৯০৯ কোটি টাকা। প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ ডলার। প্রতি কেজি গমের জন্য সরকারের ব্যয় হবে ৪৩ টাকা ৩৮ পয়সা।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় বৈঠকের এজেন্ডা ও সিদ্ধান্ত প্রকাশ করেছে।
ইউএস হুইট অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে সরকার এই গম আমদানি করবে। অনুমোদিত পরিমাণের সঙ্গে প্রয়োজনে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহের অনিশ্চয়তার মধ্যে আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ছয় লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। ওই পরিমাণ ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন কিনতে ব্যয় হবে প্রায় আট হাজার কোটি টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় তিন হাজার ৪৯৪ কোটি টাকার হাই সালফার ফার্নেস অয়েল কেনা হবে। একই কোম্পানি থেকে দুটি প্যাকেজে ডিজেল কেনা হবে। একটি প্যাকেজে ব্যয় হবে প্রায় ৯৬০ কোটি টাকা, অন্যটিতে এক হাজার ৪৪৫ কোটি টাকা। এ ছাড়া ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় দুই হাজার ১১১ কোটি টাকার অকটেন কেনা হবে।
সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগভর্তি গ্র্যানুলার ইউরিয়া এবং কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) কাছ থেকে জি টু জি চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার। এর বাইরে স্থানীয়ভাবে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে।



