ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরামগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় কর্মী আটক

রামগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামে এক কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া এলাকার উদয়পুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

শনিবার দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

আটক নাজমুল ইসলাম মোহন উদয়পুর এলাকার আবুল হোসেন মাস্টারবাড়ির নজরুল ইসলামের ছেলে। পদবি না থাকলেও তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, “অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই।” ব্যানারের নিচে আয়োজক হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নাম দেখা যায়।

মিছিল থেকে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা গেছে।

পরে ওই ঘটনায় অভিযান চালিয়ে মোহনকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “ছাত্রলীগের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু মিছিলের বিষয় নয়, তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে। আদালতে সোপর্দের সময় বিস্তারিত জানানো হবে।”

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular